চলতি বছরের এসএসসি পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের সব শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার ঘটনা নিয়ে বিতর্কের মধ্যে পড়েছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নজরে আসে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের। এরপর শতভাগ জিপিএ-৫ পাওয়ার পেছনে কোনো নিয়মবহির্ভূত কৌশল নেওয়া হয়েছিল কি না, তা জানতে স্কুলটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বোর্ড।
গতকাল রবিবার (১৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত নোটিশে প্রতিষ্ঠানটিকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নরসিংদী সদর উপজেলার নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ জিপিএ-৫ অর্জনের জন্য ‘নিয়ম-বহির্ভূত কৌশল’ অবলম্বনের অভিযোগ উঠেছে। বিষয়টি যাচাই করতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীসংক্রান্ত বিভিন্ন তথ্য ও নথিপত্র চেয়েছে বোর্ড।
এ জন্য স্কুলটিকে ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য, নবম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থীর তথ্য, এসএসসির নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর তথ্য এবং এসএসসি পরীক্ষার ফরম পূরণ করা শিক্ষার্থীদের তথ্য নিয়ে বোর্ডে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে। প্রয়োজনে পাঠদান, বিভাগ ও অতিরিক্ত শ্রেণি শাখার অনুমতিপত্রও উপস্থাপন করতে হবে।
অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় নথিপত্রসহ আগামী সাত কর্মদিবসের মধ্যে বোর্ডে উপস্থিত হয়ে কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে বিষয়টিকে ‘অতীব জরুরি’ বলেও উল্লেখ করা হয়েছে।



